বাংলাদেশেও পাচার হয় মুঙ্গেরের বেআইনী অস্ত্র
বিহারের রাজধানী পাটনা থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের শহর মুঙ্গের একসময়ে ছিল উচ্চ বা মধ্যবিত্ত বাঙালীদের হাওয়া বদলের জায়গা।
কিন্তু গত কয়েক দশকে সেই মুঙ্গের আরও বেশী পরিচিত হয়ে উঠেছে বেআইনী অস্ত্র তৈরীর জন্য।
ভারতে তো বটেই, মুঙ্গেরে তৈরী অস্ত্র পাচার হয় বাংলাদেশেও।
মুঙ্গের সম্প্রতি আবারও এসেছে সংবাদ শিরোনামে। মাস খানেক আগে সেখান থেকে পাওয়া গেছে ২০টি একে-৪৭ বন্দুক।
জেলার পুলিশ সুপার বাবু রাম বিবিসিকে বলছেন, "এই অস্ত্রগুলো জবলপুরের অর্ডিন্যান্স ডিপো থেকে আনা হয়েছিল। এছাড়ারও ৩০টা ম্যাগাজিন, পিস্তলও পাওয়া গেছে। একে-৪৭ গুলো পাওয়া গেছে একটা কুয়োর ভেতর থেকে। ২১ জনকে গ্রেপ্তার করেছি আমরা।"
মি. বাবু রাম আরও জানাচ্ছিলেন যে অস্ত্রের চাহিদা বেড়েছে, আর লাইসেন্স প্রক্রিয়ার জটিলতার কারণেও বেআইনী অস্ত্র কারবারীদের কাছ থেকে বন্দুক-পিস্তল কিনছে অনেকে।
মুঙ্গেরের একটি বৈধ বন্দুকের দোকানের মালিক ঠাকুর নরেশ সিং কথায় এমন আভাস মেলে। তিনি বলছিলেন, তার দোকানে আগে বছরে শ'খানেক বা তার বেশি বন্দুক বিক্রি হতো। এখন বিক্রি হয় বছরে দু'তিনটি।
তবে এসপি বাবু রামের দাবী, "আমাদের লাগাতার চাপের মুখে মুঙ্গের থেকে অনেক বেআইনী অস্ত্র কারবারী এখন পশ্চিমবঙ্গ আর ঝাড়খন্ডে চলে গেছে।"
গত কয়েক বছরে কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় বেশ কিছু অস্ত্র কারখানার হদিশ পেয়েছে পুলিশ।
বেশীরভাগ ক্ষেত্রেই সাধারণ বসবাসের বাড়ি ভাড়া নিয়ে কারখানা চালু করা হয়েছিল, কিন্তু কারিগর নিয়ে আসা হত মুঙ্গের থেকেই।
একটি গোয়েন্দা সূত্র বলছে, মুঙ্গেরে পুলিশের চাপের ফলে নতুনভাবে কারবার ফাঁদছে অনেক বেআইনী অস্ত্র ব্যবসায়ী। যেরকম অস্ত্রের অর্ডার তারা পাচ্ছে, সেই অনুযায়ী মুঙ্গের থেকে কারিগর নিয়ে এসে কাজ শেষ হলেই আবার কারখানা তুলে দিয়ে চলে যাচ্ছে।
তবে বেআইনী অস্ত্র তৈরী মূল ব্যবসা এখনও চলে মুঙ্গেরেই।
বিহার পুলিশের অবসরপ্রাপ্ত মহানির্দেশক দেবকী নন্দন গৌতম একসময় মুঙ্গেরের পুলিশ সুপার ছিলেন।
তিনি বিবিসিকে বলছিলেন, "আমার মনে আছে, ১৯৮৬ সালে মুঙ্গেরের দিয়ারা এলাকায় একটা সার্চ অপারেশন চালিয়ে আমরা একে-৪৭ এর প্রায় ১০০ কার্তুজ উদ্ধার করেছিলাম। সব থেকে গুরুত্বপূর্ণ হল, ওই একে-৪৭ সেই বছরেই চেকোস্লাভাকিয়ায় তৈরী হয়েছিল। এক বছরের মধ্যেই তার গুলি পাওয়া গিয়েছিল মুঙ্গেরে। এদের নেটওয়ার্ক এতটাই সচল।"
মুঙ্গেরে তৈরী সব অস্ত্রই যে বেআইনী তা নয়
ইংরেজ সরকার ১৮৭৮ সালে যে অস্ত্র আইন তৈরী করেছিল, সেই অনুযায়ী মুঙ্গেরসহ বিহারের বেশ কয়েকটি শহরে ২০ জনকে নিজেদের বাড়িতে অস্ত্র তৈরীর ছাড়পত্র দিয়েছিল।
স্বাধীনতার পরে ১৯৪৮ সালে নতুন অস্ত্র আইন আর তার ধারা অনুযায়ী সারা দেশে ১০৫ জন বন্দুক তৈরীর লাইসেন্স পেয়েছিলেন। মুঙ্গেরের ৩৭ জন লাইসেন্স পেয়েছিলেন বন্দুক তৈরীর।
এই বেসরকারী বন্দুক নির্মাতারাই ১৯৬২-র চীন ভারত যুদ্ধের সময় .৪১৯ বোরের মাস্কেট রাইফেল তৈরী করেছিলেন সেনাবাহিনীর জন্য।প্রায় ১০ একর এলাকা জুড়ে মুঙ্গেরে বন্দুক তৈরির কারখানা রয়েছে, যেখানে ১২ বোরের সিঙ্গল আর ডবল ব্যারেল বন্দুক তৈরী হয়।
অন্যতম বন্দুক প্রস্তুতকারক সংস্থা ফাইজার গান ম্যানুফ্যাকচারিং কোম্পানির মালিক সৌরভ নিধি বলছিলেন, "২৫টা বন্দুক তৈরীর কারখানার মধ্যে আটটার অবস্থা বেশ খারাপ। দুটো তো বন্ধই হয়ে গেছে।"
বন্ধ হয়ে যাওয়া কারখানার একটি, মুঙ্গের বন্দুক নির্মাণ সহযোগ সমিতি লিমিটেড ভারতের একমাত্র বন্দুক কারখানা ছিল, যেটির রেজিস্ট্রেশন হয়েছিল সমিতি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী।
সৌরভ নিধি বলছেন, "কেন্দ্রীয় সরকার বিহারের মোট ৩৭টি বন্দুক নির্মাণ সংস্থার জন্য বছরে ১২৩৫২ টা ডবল আর সিঙ্গল ব্যারেল বন্দুক তৈরীর কোটা নির্ধারণ করে দিয়েছিল ১৯৫৮ সালে। সেই কোটা আজও চলছে।
কিন্তু চাহিদা কমে যাওয়ায় বছরে হাজার দুয়েক বন্দুক তৈরী হয়। একেকটা বন্দুক তৈরী করতে নয় জন আলাদা আলাদা কারিগর দরকার হয়। এই যদি অবস্থা চলতে থাকে, তাহলে বাকি কারখানাগুলোও খুব তাড়াতাড়িই বন্ধ হয়ে যাবে।"
একসময়ে মুঙ্গেরের বন্দুক কারখানাগুলোতে হাজার দেড়েক কারিগর কাজ করতেন। এখন সংখ্যাটা কমে দাঁড়িয়েছে একশোর মতো।


Comments
Post a Comment